https://ift.tt/smufqWA
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার দিনব্যাপী ১০টি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের ৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের সফল প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের ডিপ্লোম্যাট সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের প্রথম দিনের এই সফলতার কথা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, যুক্তরাষ্ট্রে চার দিনের সরকারি সফরের প্রথম দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে সময়স্বল্পতার কারণে মাত্র দুটিতে সশরীরে অংশ নেওয়া সম্ভব না হলেও বাকি ১০টিতেই তিনি সফলভাবে অংশ নেন।
দিনের শুরুতেই জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতঃরাশে (ব্রেকফাস্ট) যোগ দেন প্রধানমন্ত্রী। এরপর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্বের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ করেন।
আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বৈঠকসমূহ : সফরের প্রথম দিনে বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে পারস্পরিক সম্পর্ক ও অংশীদারত্ব জোরদারের পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান: দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানান।
ভুটান ও মালদ্বীপ: ভুটানের প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের বিশেষ সম্পর্ক ও পারস্পরিক অংশীদারত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। তাঁরাও প্রধানমন্ত্রীকে নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান।
হাইতির প্রধানমন্ত্রী: হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্ক ও অংশীদারত্ব আরও এগিয়ে নিতে এসব বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।
রোহিঙ্গা সংকট ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে পৃথক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্ব জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জ্বালানি ও সরবরাহ ব্যবস্থার ধাক্কা মোকাবিলায় এবং তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশকে সহায়তা বাড়াতে বিশ্বব্যাংক সম্মত হয়েছে।
প্রযুক্তি খাত ও অন্যান্য কর্মসূচি : আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। সময়ের সীমাবদ্ধতার কারণে ইউরোপীয় কাউন্সিল ও প্রযুক্তি জায়ান্ট ‘মেটা’র সঙ্গে নির্ধারিত বৈঠকে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তাঁর মনোনীত একটি উচ্চপর্যায়ের দল মেটার সঙ্গে বৈঠক করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, বাংলাদেশে মেটার ব্যবহারকারী অনেক বেশি থাকায় দেশের ডিজিটাল প্ল্যাটফর্মসংশ্লিষ্ট বিষয়াদি ও কোম্পানিটির সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম ঐতিহাসিক ভাষণ, যা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমার বাঙলা/রাজীব
Home
Amarbangla Feed
IFTTT
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment