false
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও রায়ের সরাসরি সম্প্রচার দেখা যাবে। এ মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন পলাতক এবং চারজন বর্তমানে কারাগারে রয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় এটি দ্বিতীয় কোনো মামলার রায়। এর আগে গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথম রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। ওই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পাঁচ বছরের কারাদণ্ড পান। তিনি আদালতে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। আজকের রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন চানখাঁরপুল এলাকায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। তাঁরা হলেন—শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। এ মামলায় পলাতক চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। অন্যদিকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। এর আগে গত ২০ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য থাকলেও সেদিন তা ঘোষণা করা হয়নি। পরে আজ ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। আমারবাঙলা/এসএবি
চানখাঁরপুল মানবতাবিরোধী অপরাধ মামলার আজ রায়, সরাসরি সম্প্রচার বিটিভিতে
Tags
# Amarbangla Feed
# IFTTT
Share This
About News Desk
IFTTT
Tags:
Amarbangla Feed,
IFTTT
Subscribe to:
Post Comments (Atom)
লেখক-এর বিবরণ
আসসালামু আলাইকুম।
আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি সকল চাকরি, সরকারি নোটিশ, লেখাপড়ার খবর, প্রশ্নপত্র এবং অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের আমাদের সাথে থাকুন।ধন্যবাদ।
No comments:
Post a Comment